
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বালু উত্তোলন নিয়ে পোস্ট দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আবু সাঈদ চৌধুরী টিটু লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার নুর আহমদের ছেলে।
মঙ্গলবার রাতে এবিয়য়ে ভুক্তভোগী সাংবাদিক জাহেদুল ইসলাম লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেছেন। তিনি দৈনিক যুগান্তর লোহাগাড়া প্রতিনিধি ও লোহাগাড়া রির্পোটার্স ইউনিটির সাধারন সম্পাদক।

সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত উপজেলার জঙ্গল পদুয়ায় হাঙ্গর খাল থেকে বালু তোলা নিয়ে এলাকাবাসী ও বালু উত্তোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে হাঙ্গর খালের পাড় এলাকার বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে গত সোমবার বালু উত্তোলনকারী ও এলাকাবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এসব বিষয় নিয়ে সাংবাদিক জাহেদ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী টিটু ওয়াটসঅ্যাপে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বন্ধ করতে ভয়-ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী টিটু বলেন, এটা ভুল বুঝাবুঝি। এতে আমি লজ্জিত ও অনুতপ্ত।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারন ডায়েরি করেছেন বলে জেনেছি। তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক জাহেদুল ইসলামকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন লোহাগাড়া বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ। লোহাগাাড়া রির্পোটার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, লোহাগাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজ উদ্দিন, সাধারন সম্পাদক শাহজাদা মিনহাজ, লোহাগাড়া মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, সেক্রেটারি এম ডি জুনাঈদ চৌধুরী, প্রজন্ম লোহাগাড়ার সভাপতি মোহাম্মদ ফারুক, সেক্রেটারি শাহাব উদ্দিন এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের এভাবে প্রাণনাশের হুমকি-ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত নিন্দনীয়। স্বাধীন মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
Lohagaranews24 Your Trusted News Partner