
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত হাফেজ মুহাম্মদ সোহেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মৌলানা পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র ও ২ সন্তানের জনক।

জানা যায়, নিহত সোহেল একটি বেকারির বিক্রয় প্রতিনিধি ছিলেন। গত ২০ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিস্থ ফোর সিজনস রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের সামনে বেকারির পণ্যবাহী ভ্যানের সাথে যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সোহেল গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে নিহত সোহেলকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner