Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫০) নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় জড়িত আলী শাহ নেওয়াজ লাভলুকে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর বাজার এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।

জাতীয় নাগরিক পাটি (এনপিসি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালিদ জামিল, সাবেক ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. রফিক দিদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ নুরুচ্ছফা, আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সর্দার মাওলানা নুরুল আলম, আধুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য ফরিদুল আলম, শাহাজাহান চৌধুরী পারভেজ, পল্লী চিকিৎসক হায়াত মাহমুদ, যুবদল নেতা রেজাউল করিম, রিদওয়ান আর রায়হান, ছাত্র প্রতিনিধি মির্জা তামিম, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ ও নিহতের মেয়ে নাজিফা প্রমুখ।

বক্তারা বলেন, দিনের আলোয় এই নৃশংসতা শুধুমাত্র একজন পরিবারকে নয়, পুরো সমাজে চাঞ্চল্য ও আতঙ্কের মধ্যে ফেলেছে। দ্রুত ঘাতক লাভলুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শাহ আলম একজন পরিশ্রমী ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। তার হত্যার বিচার বিলম্বিত হলে বৃহত্তর কর্মসূচি ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এছাড়া সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক লাভলুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়ার পাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম নামে এক ব্যবসায়ী নিহত হন। গত ১৪ সেপ্টেম্বর এই ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!