Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিআরডিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ

লোহাগাড়ায় বিআরডিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের দাবি, তফসিল গোপন রেখে ও নিবন্ধিত ৩৩টি সমিতির কয়েকজনকে জানিয়ে বাকি সদস্যদের লিখিতভাবে অবহিত না করেই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চৌধুরী মোহাম্মদ ছালেহকে চেয়ারম্যান, একজন ভাইসচেয়ারম্যান ও ৬ জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সমিতির কয়েকজন সদস্য গোপনে নির্বাচন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে অনেকে সভাও বর্জন করেন।

একইদিন নির্বাচন বাতিল ও পুণ:নির্বাচনের দাবিতে আধুনগর মরাডলুকুল ও চৌধুরী পাড়া কেএসএস সদস্য জাহেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, তফসিল যথাযথভাবে প্রকাশ করা হয়নি। অধিকাংশ সমিতিকে লিখিতভাবে জানানো হয়নি। ফলে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছে।

জানা যায়, গত ১৪ জানুয়ারি নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা করে। তবে নিবন্ধিত ৩৩টি সমিতির অনেকে সদস্যই এই বিষয়ে অবগত ছিলেন না বলে দাবি করেছেন। তাদের অভিযোগ নির্বাচন তফসিল, মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার সময়সূচি সম্পর্কে কোনো লিখিত চিঠি অধিকাংশ সমিতিকে দেওয়া হয়নি।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় চেয়ারম্যান, একজন ভাইসচেয়ারম্যান ও ৬ সদস্যসহ মোট ৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে সাধারণ সভার মাধ্যমে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ ও লোহাগাড়া বাঁচা মুন্সী পাড়া কেএসএসের ম্যানেজার মো. জামাল হোসেন।

বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন জানান, তফসিল ঘোষণার পর কেউ প্রার্থী না হলে আমাদের কিছুই করা নেই। কাগজে কলমে আমরা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করেছি। তফসিল গোপন রাখা বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।

লোহাগাড়া পল্লী উন্নয়ন সমবায় কর্মকর্তা এনামুল করিম জানান, সব কিছু কাগজে-কলমে ঠিক আছে। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমিতির অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!