
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান চালিয়ে ২টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আলী সিকদার পাড়ায় ভাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

জানা যায়, একটি মাটিখেকো চক্র দীর্ঘদিন যাবত রাতের আঁধারে আলী সিকদার পাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে মাটি পাচার করছিল। এতে পরিবেশ ও কৃষি উৎপাদনে মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়েছে। গত ১৮ মার্চ এই ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় মোহাম্মদ জাকারিয়া নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছিলেন। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধে ও পরিবেশে ভারসাম্য রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner