
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের তাৎক্ষণিক সেবায় দুটি সংকটাপন্ন প্রসূতি মায়ের নিরাপদ ডেলিভারি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিনগত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মো. সরোয়ারের স্ত্রী রোজিনা আক্তারকে (৪০) সেখানকার কয়েকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি নেওয়া হয়নি। পরে তাকে লোহাগাড়ায় এক বেসরকারি হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন। রাতে অ্যাম্বুল্যান্সে করে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে রোজিনা আক্তারের প্রসব বেদনা তীব্র আকার ধারণ করলে তাকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে জরুরি বিভাগের সামনে চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম অ্যাম্বুল্যান্সের ভেতরেই নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেন।

এর কিছুক্ষণ পর সাতকানিয়ার সাজেদা আক্তার (১৮) নামে আরও এক প্রসূতি মাকে সিএনজি চালিত টেক্সিযোগে হাসপাতালে আনার পথে প্রসব বেদনা তীব্র আকার ধারণ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিকসেবা দিয়ে টেক্সিতেই নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। সীমিত সময় ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়েছেন। দ্রুত সিদ্ধান্ত ও সমন্বিত প্রচেষ্টার কারণেই মা ও নবজাতকদের নিরাপদ রাখা সম্ভব হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner