
নিউজ ডেক্স : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাবা-ছেলের খোঁজে তল্লাশি করতে গিয়ে শরীফ উদ্দিন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) সকালে নদীর আনুমাঝির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীফের বাড়ি নগরের কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকায়। তার বাবার নাম আবদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান।
তিনি বলেন, সকালে আনুমাঝির ঘাট এফআর গ্রিনঘাটের পন্টুনের নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৮ জানুয়ারি) নদীর অভয়মিত্র ঘাট এলাকায় গোসল করতে নেমে ওই কিশোর নিখোঁজ হয় বলে আমরা পরিবারের কাছ থেকে জেনেছি।

তবে নদীতে নৌকা উল্টে নিখোঁজ হওয়া বাবা-ছেলের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রোববার ভোরে মাছ ধরতে নেমে নৌকা উল্টে নিখোঁজ হন তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাস (১৫)। এরপর থেকে তাদের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা করছেন নৌ-থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। -জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner