
এলনিউজ২৪ডটকম: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্মার্ট ভূমিসেবা অফিস, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে লোহাগাড়ায় জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১২টায় উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের হল রুমে আয়োজিত সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান, ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হাছান, ভূমি অফিসের কানুনগো মিজানু রশিদ, নাজির বজলুল হুদা চৌধুরী ও অনুজিৎ দাশ।
এসিল্যান্ড নাজমুন লায়েল বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে নির্ভয়ে ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন। ভূমি অফিসকে দালালমুক্ত করতে কাজ করে যাচ্ছি। পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল, এতে জনগণের ভোগান্তি হতো। কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে। জনগণের ভোগান্তি কমাতে সেবা প্রার্থীদেরকে ভূমি অফিসে বিভিন্ন সেবা কার্যক্রম প্রদান করে যাচ্ছি। আমরা কাউকে ভয় দেখায় না, মামলা দিই না। ভূমি বিষয়ে সমস্যা সমাধান করে দেয়া আমাদের কাজ। অর্থ থাকলে সমস্যা নেই, জমি থাকলে বড় সমস্যা এটা আমাদের দেশের রেওয়াজ। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক শ্লোগানকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভূমিসেবা দিতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। তাই এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner