
নিউজ ডেক্স : দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রায় ১৭ শতাংশ ও শিশুদের ১৪ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭ শতাংশ মানসিক অবসাদজনিত (ডিপ্রেশন) এবং শিশুদের মধ্যে ৫ দশমিক ৯ ভাগ স্নায়ুবিকাশজনিত মানসিক সমস্যায় ভুগছে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে আয়োজিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের (২০১৮-১৯) ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে চলতি বছরের এপ্রিল থেকে জুনে এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়।জরিপ করা হয় প্রাপ্তবয়স্ক ৭ হাজার ২৭০ জন ও ২ হাজার ২৪৬ জনের ওপর।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলালউদ্দিন আহমেদ জানান, প্রাপ্তবয়স্ক ১৬ দশমিক ৮ শতাংশ মানসিক রোগীদের মধ্যে ৯২ শতাংশ কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না। অপরদিকে ১৩ দশমিক ৬ ভাগ শিশু রোগীদের মধ্যে ৯৪ শতাংশই কোনো প্রকার চিকিৎসা গ্রহণ করে না।
তবে আশার খবর হলো, মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে যে ৮ শতাংশ চিকিৎসা গ্রহণ করেন তাদের ৮০ শতাংশ রোগী বিজ্ঞানভিত্তিক চিকিৎসা অর্থাৎ প্রশিক্ষিত চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এর আগে সর্বশেষ ২০০৫ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ হয়েছিল।
Lohagaranews24 Your Trusted News Partner