ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
in দেশ-বিদেশের সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ
June 1, 2026
11 Views

নিউজ ডেক্স: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বিদ্যুতায়িত একটি গরুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক কৃষক। ওই সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধা মা। একই ঘটনায় গরুটিও মারা গেছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত কৃষক মো. হাছান আলী (৫০) তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচ লাইনের একটি বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। এদিন সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চড়তে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।
গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বৃদ্ধা মা হাওয়া বেগম; কিন্তু তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে গরুটিও মারা যায়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পর্শ হয়ে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
2026-06-01