
এলনিউজ২৪ডটকম: শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শিল্পপ্রতিভা বিকাশের লক্ষ্যে চুনতি লাইটহাউসের উদ্যোগে আয়োজিত “প্রতিভার খোঁজে” শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় চুনতি সীরাত মাহফিল মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৩০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিপুল অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন চুনতি লাইটহাউসের চেয়ারপারসন, আইসিএবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দি ওয়ার্ল্ড ব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত খান।
প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক, ইউনিলিভার কনজ্যুমারস কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এলাকার শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে চুনতি লাইটহাউস নিয়মিতভাবে চিত্রাঙ্কন, বিতর্ক, কম্পিউটার প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক লেকচারসহ নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
উদ্বোধনী বক্তব্যে সুরাইয়া জান্নাত খান বলেন, “নতুন প্রজন্মের জন্য সুস্থ চিন্তা, সৃজনশীলতা ও নান্দনিক মেধা বিকাশের ক্ষেত্র তৈরি করাই চুনতি লাইটহাউসের অন্যতম লক্ষ্য। পাশাপাশি চুনতির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নান্দনিক ও মনোরম ভেন্যু ব্যবস্থাপনার জন্য চুনতি শাহ মঞ্জিল কর্তৃপক্ষের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান, মাস ইন্টিমেট লিমিটেডের হেড অব এইচআর কশসাফুল হক শেহজাদ, মিলেনিয়াম স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন মুনিরী, চুনতি সমাজকল্যাণ পরিষদের সদস্য আশিকুর রহমান, মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক এবং সমাজসেবক মাহমুদুর রহমান সিদ্দিকী তোয়াফসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক-এর সঞ্চালনায় এবং প্রতিযোগিতার আহ্বায়ক, বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল হালিম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তিন ঘণ্টাব্যাপী প্রাণবন্ত ও সুশৃঙ্খল এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ ও শিল্পচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে চুনতি লাইটহাউস আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও নান্দনিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
Lohagaranews24 Your Trusted News Partner