
নিউজ ডেক্স : ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই আনন্দের দিনেও আমাদের মন ভালো নেই। আমরা বেদনার্ত। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঈদ শুভেচ্ছায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনার্ত, কারণ আমাদের মধ্যে নেই গণতন্ত্রের প্রতীক, অধিকারহারা মানুষের আশা-ভরসার প্রেরণা দেশনেত্রী খালেদা জিয়া। নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে প্রায় দেড়বছর বন্দি করে রাখা হয়েছে। এই দিনে আমরা তার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

তিনি বলেন, অন্ধ বিদ্বেষের শিকার হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছায় তাকে ঈদের দিনেও মুক্তি দেয়া হচ্ছে না।
Lohagaranews24 Your Trusted News Partner