
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
ডাকনামের মত প্রিয় তুমি
ছায়ার মত খুব আপন,
মন খারাপের মত নাছোড়বান্দা
মৈথুনের মত খুব গোপন।
জোনাক ছড়ানো পথের মত স্নিগ্ধ
ঘুম -ভাঙা চোখের মত প্রাণিত,
অচেনা পাখির ডানার মত ঋদ্ধ
ধোঁয়া ওঠা চা -এর মত কাঙ্খিত।
গানের স্কেলের মত পরিবর্তনশীল
জল -বৈঠার মত সমন্বিত
সামলে রাখা যৌবনের মত অবাধ্য
পাথুরে ফুলের মত অনুপ্রাণিত।
কাঠঠোকরার মত নির্জনতাঘাতক
বাচাল মনের মত মুখরা,
রাতে ফোটা শালুকের মত নির্লজ্জ
প্রাপ্তিভরা জীবনের মত অধরা।
কৃষ্ণের মত লুটেরা প্রেমিক তুমি
কুলোতে না পারা বৃষ্টিজল
রবি কিরণে নিমিলিত চোখ
শুকসারির অভিসারী ছল।

Lohagaranews24 Your Trusted News Partner