
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাতে চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী ফুলতলা ছগিরা পাড়ার আবুল ফজলের পুত্র আবুল কালাম (২৫) ও একই থানার দোহাজারী হাতিখোলা এলাকার মো. জসিমের পুত্র মো. ফারুক (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner