
চুনতি ইউনিয়নের সিবিএম ইটভাটায় কর্মরত শিশু শ্রমিক
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অবৈধ ইটভাটাগুলোতে একদিকে যেমন কোন নিয়ম মানছে না তেমনি লঙ্ঘিত করছে শিশুশ্রম আইন। উপজেলার বিভিন্ন এলাকায় টিলা ও পাহাড় কেটে তৈরি ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনাঞ্চলের কাঠ। অন্যদিকে এখানে কিছু ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে শিশুরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটের ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছে পাহাড় ও টিলার মাটি। ইটের ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানো হচ্ছে কাঠ। এলাকার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ইটের ভাটায় আনে স্থানীয় কাঠ পাচারকারী দলের সদস্যরা। এসব কাঠ ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে জ্বালানি হিসেবে। এলাকায় ইটের ভাটাগুলোতে ইট তৈরির কাজে পাহাড় ও টিলার মাটি ব্যবহার করা হলেও সংশ্লিষ্টরা আইনপ্রয়োগকারী সংস্থা নীরব বলে জানায় স্থানীয়রা। নির্বিচারে পাহাড় ও টিলা কাটার ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। এছাড়াও কাটা হচ্ছে ফসলী জমির টপসয়েল।

সরেজমিনে আরো দেখা যায়, উপজেলার একাধিক ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে অসংখ্য শিশু। এসব শিশু মাটি দিয়ে ইট তৈরিতে ব্যস্ত। ইটের ভাটার মাঝিরা দেশের বিভিন্ন এলাকা থেকে লোহাগাড়ায় ইটের ভাটায় শতাধিক শিশু এনে এ কাজে নিয়োগ দেয় বলে জানা গেছে। শিশুশ্রম নিষিদ্ধ হলেও লোহাগাড়ায় ইটের ভাটায় শিশু শ্রমিক দিয়ে দিয়ে ইট তৈরি ও ইট পরিবহনের ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন ইটের ভাটার মালিকেরা। এ অবস্থায় স্থানীয় সচেতন মহল ইটভাটাগুলোতে শিশুশ্রম বন্ধ করার জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহলের প্রতি।
Lohagaranews24 Your Trusted News Partner