
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাইক্রোবাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু গুরতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু (২০), একই ইউনিয়নের হাসান নগর এলাকার ওয়াহিদ (২৫) ও কালু সিকদার পাড়ার মোহাম্মদ হৃদয় (২২)। তারা সবাই পেশায় কাঠমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দূর্ঘটনায় মাইক্রোবাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুমড়ে মুচড়ে গেছে বাইকটি।
আহতদের সহকর্মী শহীদুল ইসলাম জানান, তারা বাইক যোগে বনপুকুর বাজার এলাকা থেকে আধুনগর এলাকায় একটি মেজবানের দাওয়াতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে আবু নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner