
বিনোদন ডেক্স : কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিয়ে করেছেন তারা গত ৬ ডিসেম্বর। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। রাজকীয় সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার একঝাঁক তারকা।
সেই রেশ কাটিয়ে এবার দুজনেই নিজেদের কাজে মন দিয়েছেন। তারমধ্যে মিথিলা তার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছেন। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। নাম ‘একাত্তর’। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ মুক্তি দেয়া হবে এটি খুব শিগগিরই।
তানিম নূরের পরিচালনায় এই ওয়েব সিরিজে আরও দেখা যাবে বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককেই।

নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) এর কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক।
প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলো ভারতীয় কোনো প্রতিষ্ঠান।
Lohagaranews24 Your Trusted News Partner