
নিউজ ডেক্স : বান্দরবানের থানচিতে অপহরণের পর তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা এবং শিগরাম ত্রিপুরা। একই সঙ্গে অপহরণসহ বিভিন্ন ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল করীম জানান, ২০১৬ সালের ১৬ এপ্রিল থানচি এবং আলীকদম উপজেলা সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গরু ব্যবসায়ীরা হলেন- আবু বক্কর, নূরুল আবছার এবং সাহাব উদ্দিন। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আবু বক্করের বড় ভাই আবুল হাশেম বাদী হয়ে ২০১৬ সালের ১৭ এপ্রিল থানচি থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় অপহরণের পর তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ১০ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৬৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner