ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বল আনতে টিনের চালে উঠে মৃত্যু, লোহাগাড়ার হিফজখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বল আনতে টিনের চালে উঠে মৃত্যু, লোহাগাড়ার হিফজখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় খেলার সময় টিনের চালে পড়ে আটকে যাওয়া বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসহাব হোসেন ফরদাহ (১০) নামে হিফজখানার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন মাতবর পাড়ার তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ ঘটনা ঘটে। শিশু আসহাব একই উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজি পাড়ার ওমর ফারুকের পুত্র।

জানা যায়, ছুটির দিন হওয়ায় সকালে নাস্তা শেষে হিফজখানার শিক্ষার্থীরা ছোট একটি বল নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে খোলা জায়গায় খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি আধাপাকা ভবনের টিনের চালের উপর পড়ে আটকে যায়। পরে বলটি আনতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর পিতা ওমর ফারুক জানান, সকাল ৭ টার দিকে দুর্ঘটনা ঘটলেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায় সাড়ে ৮টার দিকে। ঘটনাটি জানাতে এত দেরি কেন, তা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। মাদ্রাসায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নোমান জানান, মাদ্রাসা প্রাঙ্গনে কিছু বৈদ্যুতিক তার অগোছালো অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কিছু ঘাটতি রয়েছে। সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুলে থাকা বৈদ্যুতিক তারগুলো শিগগিরই সরিয়ে নেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!