
আন্তর্জাতিক ডেক্স : অস্ট্রেলিয়ায় সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির। বাসায় থাকা স্ত্রী ও সন্তানের কাছে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন শহিদ ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উত্তরের ব্রুসহিল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।
নিহত শহিদ ইসলাম ব্রিসবেনের এলবিয়োনে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করছিলেন। তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট বলে অস্ট্রেলিয়ায় থাকা তার এক বন্ধু জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, গ্রিফিনে নিজের কেনা বাড়ির কাজ শেষ করে আবাসস্থলে ফিরছিলেন শহিদ। স্ত্রী ফেরদৌসি ইসলাম ও চার বয়সী শিশু সন্তান তার অপেক্ষায় ছিল। তবে আর তাদের কাছে ফেরা হয়নি তার।

পুলিশ জানিয়েছে, একটি চুরি করা গাড়ি নিয়ে পালাচ্ছিল এক ব্যক্তি। রাস্তার উল্টো দিক থেকে আসার সময় শহিদের গাড়িকে ধাক্কা দেয় চুরি হওয়া গাড়িটি। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শহিদের বন্ধু নাজমুল খান বলেন, রবিবার নিজের কেনা বাড়িতে ওঠার কথা ছিল শহিদের । তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে সবার খুব আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ব্রিসবেনে একটি স্বনামধন্য আইটি কোম্পানিতে চাকরি করতেন শহিদ।
Lohagaranews24 Your Trusted News Partner