
চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এক ‘গণসেচতনতা বিজ্ঞপ্তি’ জারি করেছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে তিনি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
তা হুবহু তুলে ধরা হলো-
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারি কর্মকান্ড পরিচালনা করা ও করোনা ভাইরাস সংক্রান্ত সেমিনার ব্যতীত সকল ধরনের সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড যেমন- মেলা, গানের আসর এবং কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার, ক্লাবসমূহে গণজমায়েত, ধর্মীয় অনুষ্ঠান যেমন- ওয়াজ মাহফিল, নামযজ্ঞ, কীর্তনসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী সরকারীভাবে নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

এছাড়া ড. নদভী এমপি এই মহামারি থেকে সকলের পরিত্রাণের জন্য বাড়িতে অবস্থান করে ইবাদত সমূহ পালন করার জন্য এবং নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার/ এন্টিসেপ্টিক হ্যান্ড রাফ ব্যবহার করতে এবং কোথাও প্রয়োজনীয় কাজে বের হলে মাস্ক ব্যবহারের ও নির্দেশনা দিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner