
এলনিউজ২৪ডটকম: আয়েশা আক্তার (১০) ও আমেনা বেগম (১১) দুই বোন। তাদের বেড়ে উঠাও একসাথে। একসাথে কোরআনের আলোয় আলোকিত হওয়া। অবশেষে একসাথেই চলে গেল দুই বোন। অল্প বয়সেই পবিত্র কোরআনের ১৭ পারা করে হেফজ করেছিল তারা। তাদের মিষ্টি কন্ঠে কোরআন তেলাওয়াতে মুখরিত হতো ঘর। কিন্তু আজ সেই ঘরেই কোরআন তেলাওয়াতের বদলে শোনা যাচ্ছে বুকফাটা কান্না। যে মা-বাবা প্রতিদিন মেয়েদের মুখে কোরআনের আয়াত শুনতেন, আজ তাদেরকেই দেখতে হচ্ছে দুই আদরের মেয়ের নিথর মুখ।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান খালাসির পাড়ার এক পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা একই উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারেঙ্গা মাঝের খুল এলাকার হাফেজ মোহাম্মদ ইউনুছের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির পিতা হাফেজ ইউনুছ পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া হেফজখানার শিক্ষক। চাকুরির সুবাধে তিনি স্বপরিবারে হেফজখানার পাশের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের মাও একজন হাফেজা। দুই বোন স্থানীয় হযরত খদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ছাত্রী। পাশাপাশি মা-বাবার তত্ত্বাবধানে বাসায় তারা কোরআন হেফজ করছিল। ঘটনারদিন দুপুরে দুই বোন বাসার পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরও বাসায় না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। বিকেলে স্থানীয় এক ব্যক্তি পুকুরে গোসল করতে নামলে তার পায়ে একটি শিশুর শরীরের স্পর্শ লাগে। পরে পানির নিচে তল্লাশি চালিয়ে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর পুকুরে আরো তল্লাশি করে অপর শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম জানান, একইদিন রাতে নামাজে জানাজা শেষে তারা দুই বোনকে নিজ এলাকায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, তারা দুই বোন একসাথে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় এক বোন পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে অপর বোন এগিয়ে যায়। এ সময় সেও পানিতে ডুবে যায়। এতে পুকুরে ডুবে দুই বোনের একসাথে মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, পানি ডুবে মারা যাওয়া দুই বোনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner