
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় পুকুরের পানিতে ডুবে মো. বাদশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) বিকেল ৫টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়া পাড়ায় বসত বাড়ি সংলগ্ন পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু বাদশা ওই এলাকার মঞ্জুর আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য শব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে খেলাচ্ছলে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ শিশু বাদশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে বিকেলে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, শিশু বাদশার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Lohagaranews24 Your Trusted News Partner