
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার উজিরভিটা নাথ পাড়ার কালি শংকর নাথের স্ত্রী রুমি দেবী (২৪) গত ২৩ ফেব্রুয়ারী মধ্যরাতে কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে স্বামী কালি শংকর জানিয়েছেন। রুমিকে ওই রাতেই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে ২৪ ফেব্রুয়ারী দুপুরে তিনি মারা যান। যথারীতি সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তাকে ২৫ ফেব্রুয়ারী রাতে বসতবাড়ির পাশে খাল পাড়ে সমাধিস্থ করা হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই শাকিল জানিয়েছেন, রুমির ভাই পঙ্কজ নাথের দেয়া তথ্য মতে ২৪ ফেব্রুয়ারী রাতে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে মৃত রুমির ভাই পঙ্কজ দেবনাথ ও আত্মীয়-স্বজনরা রুমিকে হত্যার অভিযোগ করেছেন। তারা বিষয়টি লোহাগাড়া থানাকে অবহিত করেছেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ তাদেরকে জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে আদালতে শরানাপন্ন হওয়ার কথা বলছেন সাংবাদিকদের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রুমিকে বিভিন্নভাবে শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করা হত। এটিও তার মৃত্যুর অন্যতম কারণ বলে জানা গেছে। বিগত সাড়ে তিন বছর আগে তার সাথে শঙ্করের বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner