
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ আব্দুল্লাহ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল সুফি মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়ার হাফেজ মাওলানা সাইফুদ্দিন ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষিকা জান্নাতুল মাওয়ার পুত্র।

জানা যায়, ঘটনাস্থল হাতিয়ারপুল সুফি মিয়াজি পাড়ায় তারা ভাড়া বাসায় থাকেন। ঘটনাদিন সকালে তারা তিন ভাই বোন বিছানায় ঘুমিয়ে ছিল। শিশু আব্দুল্লাহ ঘুম থেকে উঠে সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে বিছানায় দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে বাসা সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একই নামাজে জানাজা শেষে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন পথের মাথা এলাকায় নানা বাড়ির সামাজিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, পুকুরে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner