
নিউজ ডেক্স : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও নেতারা হতাশ হয়েছেন। কারণ বেগম জিয়ার সুস্থতা তাদের আন্দোলনে পানি ঢেলে দিয়েছে।
তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীতে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য ‘খালেদা জিয়া এখনো অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশেই নিতে হবে’- এ নিয়ে প্রশ্ন করলে এ কথা বলেন। সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতনসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ড. হাছান বলেন, ‘খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরাতে বিএনপি নেতারা হতাশ, কারণ তাঁকে বিদেশে নেওয়ার জন্য তারা দেশব্যাপী যে সভা-সমাবেশ আন্দোলন করছিল, তাতে পানি ঢেলে দিয়েছেন ডাক্তাররা। ডাক্তাররা বলছেন, তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং তাঁর যে সমস্যাগুলো রয়েছে তা আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত। ’

কোনো ডাক্তার কি কখনো কোনো সংকটাপন্ন রোগীকে বাড়িতে পাঠায়- প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘রিজভী সাহেব হতাশ হয়ে আবোলতাবোল বকছেন। অপরদিকে কর্মীরা চেয়েছিলেন খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তারা স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু এতে নেতাদের মনে স্বস্তি নেই। ’
সম্পাদক ফোরামের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সম্পাদক ফোরাম অনেকগুলো জনপ্রিয় পত্রিকার একটি বড় ফোরাম। করোনাকালের নানা প্রতিকূলতার এই সময়ে বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বণ্টন যেন কয়েকটি পত্রিকার মধ্যেই সীমাবদ্ধ না থাকে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে তাদের বকেয়া বিল সহজে পাওয়ার বিষয়গুলো তারা তুলে ধরেছেন।
ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আজকে অনেক এগিয়ে গেছে, কিন্তু যাদের এই উন্নয়ন-অগ্রগতি পছন্দ নয়, তারা দেশের রপ্তানি বাণিজ্যসহ সার্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও বিদেশিদের কাছে নানা ভুল তথ্য-উপাত্ত তুলে ধরছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে সমুন্নত রাখতে এবং জনগণ যেন অপপ্রচারে বিভ্রান্ত না হয় সে বিষয়ে সম্পাদক ফোরাম তাদের ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। ’
বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য আজিজুল ইসলাম ভূঁইয়া, শরিফ সাহাবুদ্দিন, বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক নাসিমা খান মন্টি, সদস্যসচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্য দুলাল আহমেদ চৌধুরী, মফিজুর রহমান খান বাবু ও রিমন মাহফুজ আলোচনায় অংশ নেন। -কালের কন্ঠ
Lohagaranews24 Your Trusted News Partner