
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে সোহান উদ্দিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টার তার মৃত্যু হয়। নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরী পাড়ার জহির উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার (২৭ জুন) দিনগত রাত ১২টার দিকে বসতঘরের নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সোহানকে একটি বিষধর গোখরা সাপ কামড় দেয়। এরপর তিনি সাপটি মেরে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দুজন ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁক করার পর তাকে রাতেই বাড়িতে নিয়ে আসা হয়। সকালে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী জানান, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে গেলেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান জানান, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সাপের কামড়ে ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার আহবান জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner