
নিউজ ডেক্স : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ওমর ফারুক (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার ও খুনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধারের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার উল্লাহ জানান, ওমর ফারুক বারইয়ার হাট পৌরসভার মেহেদিনগরের সুজাউল হকের ছেলে। তিনি একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। তার সাবেক স্ত্রী জেসমিন সুলতানা (২৫), তার বোন আবিদা সুলতানা ও জেসমিনের প্রেমিক নুরুল আবছার ওরফে রুবেলকে (২২) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
আনোয়ার উল্লাহ জানান, নিহত ফারুকের গলায় দাগ আছে। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন, আবিদা ও ফারুক পুলিশের কাছে স্বীকার করেছেন তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি জানান, পাঁচ বছর আগে ফারুকের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বছরখানেক আগে ছাড়াছাড়ি হয়। ওই দম্পতির ঘরে সাড়ে তিন বছরের একটি সন্তান রয়েছে। ছাড়াছাড়ির পর জেসমিনের সঙ্গে রুবেলের সম্পর্ক গড়ে ওঠে। যা ফারুক মেনে নিতে পারেনি। ফারুক জেসমিনকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি রাজি হননি। এ নিয়ে মতবিরোধ ছিল। জেসমিনকে ফিরিয়ে আনতে ফারুক বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। এ কারণেই খুনের পরিকল্পনা করে তিন জন।
খুনের ঘটনায় ফারুকের ভাই মো. ইব্রাহিম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
-বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner