
নিউজ ডেক্স : পুরান ঢাকার বকশীবাজারে অনুমোদনহীন রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান ব্যবসায়ীদের বাধার মুখে স্থগিতের পর আবারো তা শুরু হয়েছে। এর আগে সকালে স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স অভিযান স্থগিতে বাধ্য হয়।
জানা গেছে, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি দল বকশীবাজারে অভিযানে যায়। অভিযান পরিচালনাকারী টিম এ সময় বেশকয়েকটি রাসায়নিকের গুদাম চিহ্নিত করে ভবনগুলোয় গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। কিন্তু এতে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। শেষমেষ ব্যবসায়ীদের বাধার মুখে অভিযান না চালিয়ে চলে আসেন টাস্কফোর্সের সদস্যরা।

অভিযান স্থগিতের বিষয়টি শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো। এরপর মেয়রের উপস্থিতিতে দুপুর পৌনে ৩টার দিকে সেখানে অভিযান আবারো শুরু হয়।
তিনি বলেন, আমাদের একটি টিম আজ সকালে বকশীবাজারে গিয়েছিল। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। রাসায়নিকের মজুদ আছে বা অবৈধ গুদাম আছে এরকম ভবন-স্থাপনা চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করি। ঝুঁকি এড়াতে ভবনগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিই। কিন্তু ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করেনি।
আমরা গুদাম সরানোর জন্য সময় দিয়েছি। তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি। কিন্তু ব্যবসায়ীরা কথা শোনেননি। তাই আমাদের টিম ফিরে এসেছে’ বলে অভিযোগ করেন মেয়র।
অভিযানে সিটি কর্পোরেশনের গঠিত টাস্কফোর্সের টিম-৩ অংশগ্রহণ করেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সাইফুল ইসলাম। অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি, বিস্ফোরক অধিদফতর ও চকবাজার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner