
এলনিউজ২৪ডটকম: বাহরাইনে বাইক দূর্ঘটনায় ফোরকান উল্লাহ (২৯) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালোয়ার পাড়ার মাওলানা ওবাইদুল্লাহার পুত্র ও এক কন্যাসন্তানের জনক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি পরিবার জানতে পেরেছেন।
নিহতের নিকটাত্মীয় আমানে আলম জানান, দীর্ঘসময় ফোরকানকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে সেখানে থাকা স্বজন ও পরিচিত জনদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়। পরে জানতে পারেন গত সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাহরাইনের ইছাটন এলাকায় বাইকের সাথে অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক আরোহী ফোরকানের মৃত্যু হয়েছে। তার মরদেহ বর্তমানে সেখানকার সালমানিয়া হাসপাতাল মর্গে রয়েছে। ফোরকান সেখানে বাইকে করে ফুড ডেলিভারি করতেন। দূর্ঘটনার ১০ মিনিট আগেও তিনি মোবাইল ফোনে পরিবারের সাথে কথা বলেছেন। প্রায় ২ বছর আগে দেশে ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে প্রবাসে গিয়েছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাহরাইনে সড়ক দূর্ঘটনায় নিহত ফোরকান উল্লাহর মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner