
নিউজ ডেক্স : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিরাপত্তা শাখায় যোগ দিয়েছেন শেরপুরের মেয়ে জারিন ফাইরোজ মুন। সম্প্রতি ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি।
মুন শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা। গত মাসের (মে) শেষ দিকে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি। তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
মুন ২০০৮ সালে শেরপুর শহরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস ও ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন।

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। তবে যুক্তরাস্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে তিনি সেখানে পাড়ি জমান।
জারিন ফাইরোজ মুনের বড় ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বলেন, বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর মার্চের শুরুতে তিন ধাপে মুনের ইন্টারভিউ নেয় ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর মে মাসের শেষের দিকে ফেসবুক কর্তৃপক্ষ যোগদানের বিষয়টি নিশ্চিত করে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner