
নিউজ ডেক্স : পুলিশের সাময়িক বরখাস্ত আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান সম্পূর্ণরূপে পুলিশের ভাবমূর্তি ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার মিজানের জামিন আবদনের শুনানির সময় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
হাইকোর্ট বলেন, তিনি (ডিআইজি মিজান) প্রকাশ্যে ঘুষ লেনদেনের বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন। যেটা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাম্য নয়।

মিজানুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদী আদালতে বলেন, পুলিশের এ (মিজানুর রহমান) কর্মকর্তা ভেরি অনেস্ট, তিনি জঙ্গি নির্মূলে কাজ করে গেছেন, পুলিশে তার অনেক উজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি মিশনেও কাজ করেছেন। তিনি জামিন পেলে পলাতক হবেন না।
আদালতে মিজানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদী, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্যগোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডিআইজি মিজানুর রহমান জামিনের জন্য হাইকোর্টে হাজির হন।
২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ডিআইজি মিজান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
Lohagaranews24 Your Trusted News Partner