
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার সেই ফল ব্যবসায়ী খানে আলম (৫১) ফের ২ হাজার ৩০ পিস ইয়াবাসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) রাতে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনের নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খানে আলম লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মৃত লাল মিয়ার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে তার দোকানে ইয়াবাগুলো পাওয়া যায়। চিহ্নিত মাদক কারবারি খানে আলম দীর্ঘদিন যাবত ফল ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ও পটিয়া সার্কেল যৌথ অভিযান চালিয়ে খানে আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।

Lohagaranews24 Your Trusted News Partner