
নিউজ ডেক্স : চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও অ্যাডভোকেট কামেলা খানম রূপা শপথ নিয়েছেন।
গেজেট প্রকাশের পর রোববার (২৩ জুন) বিভাগীয় কমিশনার আবদুল মান্নান তাদের শপথবাক্য পাঠ করান। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২৪ মার্চ চন্দনাইশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা ও ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীকে বেসরকারিভাবে নির্বাচিত করা হলেও দুটি কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকায় উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
গত ১৩ জুন স্থগিত ২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ হাজার ২৩৮ ভোটে দোয়াত-কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক ও উপসচিব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Lohagaranews24 Your Trusted News Partner