
নিউজ ডেক্স : মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর সঙ্গে ‘ধাক্কা’ লেগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগস্ত হয়েছে। এতে ট্রেনটি মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রায় এক ঘণ্টা আটকা পড়েছিল।
আজ রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৌলভীবাজারের পলকীছড়া রেল সেতু ও মনু রেল সেতুর (২০৫ ও ২০৬ রেল সেতু) মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া যাবার পথে মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে ট্রেনটি আটকা পড়ে। সন্ধ্যা ৭টা ১১ মিনিট পর্যন্ত ট্রেনটি মনু স্টেশনে আটকা ছিল। ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনাস্থলেই মারা গেছে।
কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (কার্য) জুয়েল আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner