
নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্তব্যের জেরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে ‘অর্বাচীন বালক’ বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরের বহদ্দারহাটের বাসভবনে কাদের মির্জার মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন। জাগো নিউজ
তিনি বলেন, ‘এটা হলো অর্বাচীন বালকের প্রলাপ। আমাকে কেউ কী বলবে না বলবে সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমাকে গালি বা দোয়া কোনোটাই করতে হবে না। কাজের মাধ্যমেই প্রমাণ করে দেব চট্টগ্রামের মেয়র সেটা কী জিনিস।’

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বসুরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রামের মেয়র নির্বাচন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। পরে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে, তা নিয়ে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সেদিন আবদুল কাদের মির্জা বলেন, ‘চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে। বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে। এটি কি মেনে নেয়া যায়? আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতদিন টিকে থাকবেন? এটি চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারেন একমাত্র শেখ হাসিনা।’
এ বিষয়ে রেজাউল করিম বলেন, ‘আমি ১৯৬৬ সাল থেকে রাজনীতি করে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এরকম অনেক কিছুই দেখছি। রাজনীতির জীবনে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা চুপ ছিলাম। ওই সময় আমাদের অনেকে গালিগালাজও করেছিল । তবে ওই সময় আমাদের প্রতিজ্ঞা ছিল এর জবাব বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেব। আজ সেটাই প্রতিষ্ঠিত। সুতরাং আমাকে নিয়ে কে কী বলবে, এটা নিয়ে আমার মাথাব্যথা নাই।’
তিনি জানান, আগামীতে চট্টগ্রাম নগরীর উন্নয়নের দায়িত্বরত সব সংস্থা ও পেশাজীবীদের সমন্বয়ে পরিকল্পনাবিদদের সহযোগিতায় টেকসই উন্নয়ন করার পরিকল্পনা আছে। কেউ কিছু বললে সেটা রাজনীতি ও উন্নয়নের মাধ্যমে জবাব দেয়া হবে বলেও জানান রেজাউল।
Lohagaranews24 Your Trusted News Partner