
______হাবীবাহ্ নাসরীন______
প্রেমের শাসনে হৃদয় রাজ্য চলে
বেখেয়ালি মনে আমরা কতটা মানি
প্রিয়তম তুমি হৃদয়ের কথা শোনো
হৃদয় কখনো করে না নাফরমানি।

হৃদয় চাইলে ঝাপ দাও তুমি জলে
তার কথাতেই বনবাসী হতে পারো
হতে পারো তুমি নীলচে রাতের তারা
অসুখের মতো সুখ হয়ে যাও কারো।
হৃদয় বললে প্রেম বেচে দাও হাটে
প্রেমিক কখনো ভিখারি হয় না জেনো
অমূল্য এক হৃদয় রয়েছে বুকে
ফুরায় না তাই স্বপ্নের লেনদেনও।
হৃদয় বললে হৃদয়ে আমাকে রেখো
আকাশে বাতাসে হোক কিছু কানাকানি
প্রিয়তম তুমি হৃদয়ের কথা শোনো
হৃদয় কখনো করে না নাফরমানি।
Lohagaranews24 Your Trusted News Partner