
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির সময় দুই চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা। বুধবার (১৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার আধুনগর খাঁন হাট বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়ার মৃত হায়দার আলীর পুত্র হেলাল উদ্দিন (৩৮) ও কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিম পাড়ার মৃত আবদুস ছালামের পুত্র মো. কবির আহমদ (৩৫)।
তাদের মধ্যে হেলাল উদ্দিন পেশায় রিক্সা চালক ও কবির আহমদ এম চর হাট বাজারে ব্যাটারি চালিত রিক্সার গ্যারেজ পরিচালনা করেন। তারা জানান, একই জায়গায় থাকা সুবাধে তাদের ঘনিষ্টতা। ইতোপূর্বেও তারা ব্যাটারি চালিত রিক্সা চুরির কথা স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষ্টেশনের পার্কিং থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। এ সময় কবির আহমদ কৌশলে পালিয়ে যাবার সময় ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner