
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ হিন্দু পাড়ায় ৩০ এপ্রিল সোমবার গভীর রাতে ডাক্তার শ্যামলের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু।
তিনি আরো জানান, গতো ৪ দিনে চুনতি কুমুদিয়া পাড়া, রোসাইঙ্গা পাড়া, নলবনিয়া ও বনপুকুর এলাকা হতে আরো ১৩টি গরু একই কায়দায় চুরি হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনির হোসেনের কাছ থেকে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে কোন মন্তব্য না করে পরে কথা বলবেন বলে মুঠোফোনে সংযোগ কেটে দেন।
জানা যায়, ডাক্তার শ্যামল যথারীতি রাতে গোয়াল ঘরে গরু রেখে তালাবদ্ধ করে শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পান এবং কে বা কাহারা গোয়াল ঘরে থাকা গরুগুলো নিয়ে যায়। অনুরূপভাবে উল্লেখিত এলাকা হতেও চোরেরা একই কায়দায় গরু চুরি করে পালিয়ে যায় বলে প্রকাশ। ধারণা করা হচ্ছে একটি আন্তঃজেলা গরুচোর চক্র প্রতি বছরের ন্যায় এ বছরও গরু চুরি করে যাচ্ছে।
এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসীরা পুলিশী টহল জোরদার করার দাবী জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner