
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার অন্যতম এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুন সোমবার রাত ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতার সালাহ উদ্দিন হিরু (২৭) উপজেলার আমিরাবাদ সুখছড়ি গ্রামের আবদুর বর বাড়ির শ্রমিকনেতা মোহাম্মদ আলীর পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র ধর। তিনি জানান, হিরু ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে উপজেলার আমিরাবাদের পুরান বিওসি এলাকায় মাহবুবর রহমান বাপ্পীকে গলা কেটে হত্যা করা হয়। বাপ্পী লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি পুরান বিওসি এলাকায়। হত্যাকান্ডের পরদিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner