
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শিশুদের সঙ্গে দোলনায় খেলতে গিয়ে দূর্ঘটনার ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলাম বাছের খলিফা বাড়ির মৃত আবদুস সালামের পুত্র ও আমিরাবাদ জনকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার (২১ জানুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, গত ১ জানুয়ারি বিদ্যালয়ে আসা শিশুদের সঙ্গে মাঠে স্থাপিত দোলনায় খেলা করছিল প্রধান শিক্ষক মুজিবুর রহমান। এক পর্যায়ে তিনি অসাবধানতা বশত দোলনা থেকে পড়ে ঘাড়ে গুরতর আঘাত পান। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন জানান, ব্যক্তি জীবনে তিনি ৪ সন্তানের জনক। একইদিন বিকেলে আমিরাবাদ কালু সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner