
নিউজ ডেক্স : হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্রসহ ৫০টির অধিক মামলার আসামি মো. সুমন (৩৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি কিরিচ ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। -বাংলানিউজ
গ্রেফতার মো. সুমন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে। গ্রেফতার অপর তিনজন হলো হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার নোয়া মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (২৬), একই এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. আরিফ (২০) ও রফিকুল ইসলামের ছেলে মো. জাহেদ (২০)।
এদের মধ্যে মো. সুমন একজন চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৫০টির অধিক মামলা রয়েছে বলে জানান র্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মো. মাশকুর।
Lohagaranews24 Your Trusted News Partner