
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মুনতাছির উদ্দিন শিপন (১২) নামে হেফজখানার এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কলাউজান মহাজন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিপন একই ওয়ার্ডের খালাদাদ খাঁন পাড়ার মোহাম্মদ ইছমাইলের পুত্র ও আমিরাবাদ সুখছড়ি আল আবরার হেফজখানার ছাত্র।
নিহতের দাদা হোছেন আহমদ জানান, মঙ্গলবার বিকেলে হেফজখানা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে শিপন। খাওয়া-দাওয়া শেষে বাড়ির অদূরে মহাজন পাড়ায় যায়। সেখানে একটি গর্ত থেকে পানি উত্তোলনের জন্য তার চাচা আবদুস শুক্কুর পাম্পমেশিন ভাড়া দেয়। পানি উত্তোলন শেষে মাছ ধরতে নেমে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয় শিপন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই দিন রাতে মুনতাছির উদ্দিন শিপনকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner