
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ভাই-বোনকে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উজিরভিটা গোল মোহাম্মদ পাড়ার এক পুকুর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এতে পুকুরের পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু ও বোন অসুস্থ হয়ে পড়ে।
নিহত শিশু মো. আদনান নুর আরাফ (৬) ওই এলাকার প্রবাসী নুরুল আবছারের পুত্র ও অসুস্থ আসরা জান্নাত (৫) উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুরহাট এলাকার আবুল কাশেমের কন্যা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু আসরা জান্নাত। ঘটনারদিন তারা বসতঘর সন্নিহিত পুকুরের পাশে খেলা করছিল। এ সময় খেলাচ্ছলে শিশু আরাফ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে পানিতে পড়ে হাবুডুবু দিতে দেখে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায় ফুফাতো বোন আসরাও। উপর্যুপরি পুকুরের পানিতে পান করে দুজনই পানিতে ভাসতে থাকে। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত্যু ঘোষণা ও আসরাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এরপরও স্বজনদের মনে বুঝ না পাওয়ায় আরাফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, একইদিন নামাজে জানাজা শেষে শিশু আরাফকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner