ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পথে থেমে গেল এক ভাইয়ের জীবন

লোহাগাড়ায় পথে থেমে গেল এক ভাইয়ের জীবন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার সৈয়দ আহমদের পুত্র ও ২ সন্তানের জনক। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি বাইকের সাথে বিপরীতমুখি মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকটি ঘুরে যায়। যার ফলে পেছনে বসা রেজাউল করিম বাইক থেকে ছিটকে পড়ে ট্রলির ধাক্কায় গুরতর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। বাইকটি একইমুখি একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর ট্রলিটি অভ্যন্তরীন সড়ক দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে ঘটনাস্থলের অদূরে চালক ট্রলিটি রেখে পালিয়ে গেছে।

নিহতের ভাই মুবিনুল করিম জানান, তারা তিন ভাই সাতকানিয়া উপজেলা থেকে জীবিকা নির্বাহ করেন। ঘটনারদিন তারা তিন ভাই একটি বাইকে করে এক আত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করতে বাজালিয়া এলাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঘটনাস্থলে পৌঁছলে মালবাহী ট্রলির সাথে সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে বড় ভাই রেজাউল করিম ঘটনাস্থলে মারা গেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, সড়ক দূর্ঘটনায় নিহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!