
নিউজ ডেক্স : ভোলায় বাসর রাতে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষকের নাম মো. মনির (২৬)। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনির ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৬ আগস্ট) মনিরের সঙ্গে ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। কিন্তু বিয়ের পর কনেকে তারা কনের বাবার বাড়িতেই রেখে আসেন। সোমবার জাঁকজমক অনুষ্ঠান করে কনেকে শ্বশুরবাড়িতে আনা হয়। সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। পরে রাতের কোনো এক সময় মনির নিজের ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ ভোরে বিয়ের অনুষ্ঠান সাজানোর লোকজন তাদের জিনিসপত্র নিতে মনিরের বাড়িতে আসলে তারা ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে ওই শিক্ষক কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেনি।

Lohagaranews24 Your Trusted News Partner