
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য পালানোর সময় ধাওয়া করে মো. মহিউদ্দিন (২৪) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় জব্দ করা হয় চোরাইকৃত ৩টি গরু ও ১টি পিকআপ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের চান্দা ব্রিজঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিউদ্দিন একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ সরাইয়া বাঘঢাপা এলাকার হারেছের পুত্র।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হয়। তল্লাশীকালে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামমুখি একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। এই সময় চেকপোস্টের বৈদ্যুতিক আলোতে পিকআপের পেছনে ৩টি গরু রক্ষিত অবস্থায় দেখতে পান। পরে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় গরুসহ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার গরু চোরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner