
এলনিউজ২৪ডটকম : পেটের ভিতর ঢুকিয়ে ইয়াবা পাচারকালে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন হতে ১৬ অক্টোবর বেলা ২টায় এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আবু শমা (১৬) টেকনাফের হ্নীলা লেদা ক্যাম্পের মৃত মোঃ আলমের পুত্র বলে জানা গেছে। প্রায় ১৫ বছর পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এএসআই জয়নাল আবেদীন যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করেন। আটকের পরে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করে। পরে এক্সরে করে তার পেটের ভিতর ৮টি ইয়াবা ভর্তি পুটলী থাকার বিষয়টি নিশ্চিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পেটের ভিতর থেকে মাত্র একটি পুটলী বের করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) উপস্থিত ছিলেন।

আটক রোহিঙ্গা আবু শমা জানায়, প্রতিটি প্যাকেটে ৩০-৪০টি ইয়াবা রয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার নুরুল ইসলাম জানিয়েছেন, আবু শমা বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। বিশেষ ব্যবস্থায় ইয়াবা ট্যাবলেট ভর্তি পুটলী বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার পেটে কত সংখ্যক ইয়াবার পুটলী রয়েছে তা নিশ্চিত করে বলা মুশকিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হেলাল উদ্দিন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner