
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় তিন কন্যা সন্তানের জননী আত্মহত্যা করেছেন। আজ ২৪ আগষ্ট শনিবার দুপুর ১টায় উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া মুন্সিমুড়া হোসেন সিকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোরশিদা আক্তার (২৪) ওই এলাকার রফিক আহমদের কন্যা ও সাতকানিয়া উপজেলার ঢেমশা মরফলা মরিচ্চা পাড়ার সেলিম উদ্দিনের স্ত্রী।

নিহতের মা রহিমা বেগম জানান, ২০১৪ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক সেলিম উদ্দিনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। এরই মধ্যে তার মেয়ে তিন কন্যাসন্তানের মা হন। স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে গত ২২ আগষ্ট স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে তার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরো জানান, ঘটনাদিন দুপুরে বাড়ির সকলের অজান্তে রুমের দরজা বন্ধ করে বীমের সাথে শাড়ি প্যাচিয়ে তার মেয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করেন। তিনি জানান, নিহতের গলায় আত্মহত্যার চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner