
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় লুট হওয়ায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান তেলিপাড়ায় নাজির হোসেনের বসতভিটা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে নাজির হোসেনের বসতঘরের পাশে গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নাজির হোসেন জানান, দীর্ঘদিন যাবত তারা সপরিবারে চট্টগ্রাম নগরে বসবাস করেন। সেখানে তিনি টেম্পু গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি নিজ এলাকায় সেমিপাকা বাড়ি করেন। গতো দুই দিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। বাড়ির পাশে টাংকি করার জন্য শ্রমিকরা মাটি খুঁড়ে গর্ত করছিলেন। এ সময় গ্যাসগান ও টিয়ারশেলগুলো দেখতে পেয়ে শ্রমিকরা বিষয়টি আমাকে অবগত করেন। পরে বিষয়টি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাসগান ও টিয়ারশেলগুলো সরকারি সম্পত্তি। এগুলো থানা থেকে আগে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম। এ ব্যাপারে যাচাই-বাচাই করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner